You are hereBlogs / suhreed এর ব্লগ / পথ দেখাবে কে?
পথ দেখাবে কে?
নেতৃত্ব বা লীডারশিপ নিয়ে অনেক গবেষণা আছে, অনেক মতবাদ আছে। যারা ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন পড়েন তাদের কাছে নেতৃত্ব বিষয়টি যথেষ্ট আগ্রহের। আমি ব্যক্তিগতভাবে নেতৃত্বের উপর অনেক বই পড়েছি। তবে সবচেয়ে ভাল লেগেছে স্টিফেন আর কোভের Principle Centered Leadership। তবে এই বইটি পড়ার আগে আপনাকে কোভের যুগান্তকারী দুটি বই পড়তে হবে: সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল এবং দ্য এইটথ হ্যাবিট। যাই হোক আজকে আমার আলোচনা কোভের মতবাদ নিয়ে নয়। তারো অনেক আগে নেপোলিয়ন হিল লিখেছিলেন আরেকটি যুগান্তকারী বই: থিংক এন্ড গ্রো রিচ। সে বইয়েও তিনি নেতৃত্ব বিষয়ে কিছু আলোচনা করেছেন।
নেতৃত্ব সম্পর্কে নেপোলিয়ন হিল বলেছেন, দুধরনের মানুষ আছে কর্মক্ষেত্রে, একদল সবসময় অনুসরণ করে চলে; আরেকদল আছে যারা পথ দেখিয়ে চলে। অনুসরণকারী হওয়া দোষের কিছু নয়। বস্তুত প্রতিটি মানুষকেই কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। কেবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নয়, আসলে অনুসরণ করতে হবে কিছু নীতিকে। নীতির উপর ভিত্তি করে পথ চলাকে এবং নীতির উপর ভিত্তি করে পথ প্রদর্শনকেই স্টিফেন কোভে বলছেন নীতি-কেন্দ্রিক নেতৃত্ব; যার অভাব আমাদের কালে প্রচন্ডভাবে দেখা দিয়েছে।
ফিরে আসি নেপোলিয়ন হিলের কথায়। অনুসরণকারী হওয়া দোষের কিছু নয়। সফল পথপ্রদর্শনকারী হতে হলে আগে সফল অনুসরণকারী হতে হবে। তবে কর্মক্ষেত্রে দেখা যায় যারা পথ দেখায় আর যারা পথ অনুসরণ করে তাদের মধ্যে পার্থক্য বিস্তুর; বিশেষ করে বেতন ও অন্যান্য সুবিধায়। এটি সম্ভবত এই কারণে যে পথ দেখানোর লোক খুবই কম। কোনো প্রতিষ্ঠানে তো বটেই; ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে সর্বত্রই এই পথ দেখানোর লোকের সংখ্যা অনেক কম। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে একথাটি আরো অধিক সত্য।
এইতো কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের এই রাষ্ট্রটি কোনদিকে ধাবিত হচ্ছিল - বলা হচ্ছিল আমাদের এই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত সেই ট্রেনকে আবার লাইনে নিয়ে আসার জন্য যারা আসলেন তারা এখনও বলছেন ভাল চালক দরকার, যে চালক এই ট্রেনকে সবসময় লাইনে রাখতে পারবে। এই লাইন কোন লাইন সেটি নিয়ে বিতর্ক হতে পারে। একেক চালক একেকটিকে সঠিক লাইন বলে মনে করে। যে ড্রাইভার মনে করছে সে ঠিক লাইনে আছে অন্যজন হয়তো মনে করছে লাইনটি ঠিক নেই। বাস্তবে ট্রেনের ক্ষেত্রে লাইন একেকটি একেক দিকে যেতে পারে। চালককে জানতে হবে সেই ট্রেনের গন্তব্য কী। গন্তব্যের ব্যাপারে চালককে অবহিত করা না হলে কোনো চালকই সেটিকে গন্তব্যে নিয়ে যেতে পারবে না; সে যেখানেই পৌঁছুক অন্যরা বলতেই পারবে সেটি গন্তব্যে পৌঁছায়নি। তাই আমাদের এখন প্রয়োজন গন্তব্য নির্ধারণ। গন্তব্য ঠিক থাকলে অনেক চালকই হয়ত পাওয়া যাবে!









