You are hereBlogs / suhreed's blog / উবুন্টুতে কমান্ড লাইন ব্যবহার করা
উবুন্টুতে কমান্ড লাইন ব্যবহার করা
উবুন্টু ইনস্টল করা থাকলে আপনি সহজেই কমান্ড লাইন ব্যবহার করে বিভিন্ন কাজ সারতে পারেন। কমান্ড লাইন ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে টার্মিনাল (Terminal) চালু করতে হবে। নিচের মতো করে টার্মিনাল চালু করতে পারবেন:
- প্রধান মেনু থেকে Applications > Accessories > Terminal সিলেক্ট করুন।
- কিংবা Alt+F2 চেপে যে রান কমান্ডবক্স আসবে সেখানে gnome-terminal টাইপ করে এন্টার চাপুন।
উপরের যেকোনোটি করলে আপনি টার্মিনাল দেখতে পাবেন। এই টার্মিনালেই বিভিন্ন কমান্ড ব্যবহার করতে হবে।
ফাইল ও ডিরেক্টরি কমান্ডসমূহ
ফাইল ও ডিরেক্টরি নিয়ে কাজ করার জন্য বিভিন্ন কমান্ড রয়েছে। এসব কমান্ড টার্মিনাল থেকে ব্যবহার করতে হবে। নিচে এ ধরনের কমান্ডসমূহের পরিচিতি দেয়া হলো।
cd বা ডিরেক্টরি পরিবর্তন করা
cd কমান্ডের মাধ্যমে আপনি এক ডিরেক্টরির থেকে আরেক ডিরেক্টরিতে যেতে পারবেন। নিচে এই কমান্ডের বিভিন্ন ব্যবহার দেখানো হলো।
- cd / এই কমান্ড আপনাকে বর্তমান ডিরেক্টরি থেকে ফাইল সিস্টেমের রুটে নিয়ে যাবে।
- cd কিংবা cd ~ কমান্ড আপনার হোম ডিরেক্টরিতে নিয়ে যাবে। সাধারণ ইউজারের ক্ষেত্রে ~ অর্থ হলো সেই ইউজারের হোম ডিরেক্টরি অর্থাৎ /home/username । কিন্তু sudo ব্যবহার করে আপনি এই কমান্ড দিলে রুট ইউজারের হোম ডিরেক্টরির বদলে আপনি /root ডিরেক্টরিতে চলে যাবেন। সেকারণে sudo কমান্ডের সাথে ব্যবহারের সময় ~ এর পরিবর্তে পুরো ফাইল পাথ উল্লেখ করা দরকার।
- cd .. এই কমান্ড আপনাকে বর্তমান ডিরেক্টরির এক ধাপ উপরের ডিরেক্টরিতে নিয়ে যাবে।
- cd - এই কমান্ড আপনাকে আগের ডিরেক্টরিতে নিয়ে যাবে।
- cd /var/www এই কমান্ডের ফলে আপনি উল্লেখিত ডিরেক্টরিতে যেতে পারবেন। একসাথে একাধিক স্তর পেরিয়ে কোনো ডিরেক্টরিতে প্রবেশের সময় এভাবে ডিরেক্টরি পাথ উল্লেখ করে দিতে হবে।
cd কমান্ড সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য man cd কমান্ড ব্যবহার করতে পারেন।
ডিরেক্টরি/ফাইল তালিকা দেখা
ডিরেক্টরি বা ফাইল তালিকা দেখার জন্য উবুন্টুতে আপনি ls কমান্ড ব্যবহার করতে পারেন। এই কমান্ড ব্যবহারের নিয়ম নিচের মতো:
- ls ~ এই কমান্ড আপনার হোম ডিরেক্টরির ফাইল ও ডিরেক্টরিসমূহের তালিকা দেখাবে। এর সাথে -l অপশন ব্যবহার করার হলে ফাইলের তালিকার সাথে আরো বিস্তারিত তথ্য দেখাবে।
ফাইল কপি করা
ফাইল কপি করার জন্য cp কমান্ড ব্যবহার করা হয়। যেমন:
cp foo bar
এই কমান্ডের ফলে foo নামের ফাইলটি কপি হয়ে bar নামে সেভ হবে এবং foo অপরিবর্তিত থাকবে।
ফাইল স্থানান্তর করা
কোনো ফাইল এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করার জন্য mv কমান্ড ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে কোনো ফাইল রিনেম করাও যায়। যেমন:
mv foo bar
এই কমান্ডের ফলে foo নামের ফাইলটির নূতন নাম হবে bar ।
আবার:
mv foo ~/Desktop
এই কমান্ডের ফলে foo নামের ফাইলটি বর্তমান ইউজারের হোম ডিরেক্টরির অধীন Desktop ডিরেক্টরিতে স্থানান্তরিত হবে।
ফাইল মুছে ফেলা
কোনো ফাইল বা ডিরেক্টরি মুছে ফেলার জন্য rm কমান্ড ব্যবহার করা হয়। যেমন:
rm foo
এই কমান্ডের ফলে বর্তমান ডিরেক্টরিতে অবস্থিত foo নামের ফাইলটি মুছে যাবে। ডিফল্ট হিসেবে rm কমান্ড কোনো ডিরেক্টরি মুছে ফেলবে না। ডিরেক্টরি মুছতে চাইলে এর সাথে -R অপশন ব্যবহার করতে হবে। যেমন:
rm -R foobar
এর ফলে foobar নামের ডিরেক্টরি এবং এর মধ্যকার সকল ফাইল মুছে যাবে।
ডিরেক্টরি তৈরি করা
ডিরেক্টরি তৈরি করার জন্য mkdir কমান্ড ব্যবহার করা হয়। যেমন:
mkdir myalbum
এটি বর্তমান ডিরেক্টরির মধ্যে myalbum নামের একটি ডিরেক্টরি তৈরি করবে।
সিস্টেমের তথ্য জানার জন্য কমান্ডসমূহ
কিছু কমান্ড ব্যবহার করে আপনি সিস্টেমের বিভিন্ন তথ্য জানতে পারবেন। নিচে এসব কমান্ডের বিবরণ দেয়া হলো।
ডিস্কের ব্যবহার দেখা
ইউজাররা কী পরিমাণ ডিস্ক স্পেস ব্যবহার করেছে তা জানতে পারবেন df কমান্ডের মাধ্যমে। যেমন:
df -h
এই কমান্ডের ফলে সকল ইউজার কর্তৃক ব্যবহৃত ডিস্ক স্পেসের পরিমাণ মেগাবাইট ও গিগাবাইটে দেখা যাবে। -h অপশনের অর্থ হলো "human-readable" বা মানুষের পাঠযোগ্য।The free command displays the amount of free and used memory in the system.
ডিস্কের ফ্রি স্পেস জানা
ডিস্কের ফ্রি স্পেসের পরিমাণ জানতে পারবেন free কমান্ডের মাধ্যমে। যেমন:
free -m
এর ফলে মেগাবাইটে ফ্রি স্পেসের পরিমাণ জানা যাবে।
প্রসেস সম্পর্কে জানা
top কমান্ডের মাধ্যমে উবুন্টু লিনাক্স চলমান প্রসেসসমূহের সংখ্যা, কতক্ষণ চলছে, কী পরিমাণ মেমরি ও প্রসেসিং শক্তি ব্যবহৃত হচ্ছে, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এই কমান্ডের মাধ্যমে top চালু করার পর আপনি বের হতে পারবেন q টাইপ করে।
মেশিন নাম, কার্নেল ভার্সন, ইত্যাদি (uname)
লিনাক্স সিস্টেমের মেশিনের নাম, কার্নেলের নাম ও ভার্সন এবং আরো কিছু তথ্য জানতে পারবেন uname কমান্ড ব্যবহার করে। এর সাথে -a অপশন ব্যবহার করা হলে সিস্টেমের সকল তথ্য জানা যাবে।
lsb_release কমান্ড
lsb_release কমান্ডের সাথে -a অপশন ব্যবহার করে আপনি লিনাক্স রিলিজের ভার্সন জানতে পারবেন। যেমন:
lsb_release -a
এর ফলে নিচের মতো তথ্য দেখতে পাবেন:
No LSB modules are available. Distributor ID: Ubuntu Description: Ubuntu 8.04 Release: 8.04 Codename: hardy
নেটওয়ার্ক কনফিগারেশন তথ্য (ifconfig)
লিনাক্স মেশিনে নেটওয়ার্ক কনফিগারেশন তথ্য দেখতে পাবেন ifconfig কমান্ড ব্যবহার করে।









